টানা পাঁচ দিনের ছুটিতে যাচ্ছে ব্যাংক, বীমা ও শেয়ারবাজারসহ দেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান। ছুটির আগে শেষ কর্মদিবসে ব্যাংকগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি গ্রাহকরা করছেন প্রয়োজনীয় লেনদেন সহ ব্যাংকিং কার্যক্রম।
আজ সোমবার সকাল ১০টায় ব্যাংক খোলার পর থেকেই লেনদেনে ব্যস্ত সময় কাটাচ্ছেন ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকরা। তবে ব্যাংকে নেই উপচেপড়া ভিড়। স্বাভাবিক দিনের তুলনায় কিছুটা বেশি লেনদেন হলেও পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে।
পূজার ছুটির পাশাপাশি সরকারি ছুটি থাকায় ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠান গুলো পাঁচ দিনের ছুটির মধ্যে পড়বে। তাই অনেকেই প্রয়োজনীয় লেনদেনসহ অন্যান্য কাজ করতে এসেছেন। কেউ নগদ টাকা তুলেছেন, আবার কেউ জমা দিয়েছেন। এছাড়া ব্যবসায়িক লেনদেন ও জরুরি আর্থিক কাজ সেরে নিচ্ছেন অনেকে।
ছুটির সময় গ্রাহকদের নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা দিতে অনলাইন লেনদেন ও এটিএম বুথ চালু রাখা এবং পর্যাপ্ত নগদ অর্থ নিশ্চিতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
