কালবেলা · আন্তর্জাতিক
গাজায় নিয়ন্ত্রণাধীন এলাকা বাড়াল ইসরায়েলি সেনাবাহিনী
২১/১০/২০২৬

ফিলিস্তিনের গাজা উপত্যকার মধ্যাঞ্চলে অবস্থিত মাগাজি শরণার্থী শিবিরের আরও ভেতরে ‘ইয়েলো লাইন’ সরিয়ে নিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। স্থলভাগে থাকা সূত্রগুলোর বরাতে জানা গেছে, ব্যাপক গুলিবর্ষণ ও তীব্র কামানের গোলাবর্ষণের আড়ালে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এভাবে গাজায় নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকা ক্রমেই বাড়াচ্ছে ইসরায়েলি বাহিনী। অন্যদিকে, ফিলিস্তিনিরা আরও সংকুচিত ও জনাকীর্ণ এলাকায় আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন।
মাঠপর্যায়ের সূত্রগুলোর তথ্য অনুযায়ী, মধ্য গাজার পূর্বাঞ্চলে অবস্থিত মাগাজি শরণার্থী শিবিরের দিকে ‘ইয়েলো লাইন’ আরও এগিয়ে নেওয়া হয়েছে। এই রেখা গাজার এমন একটি সীমারেখা, যার মাধ্যমে ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকা চিহ্নিত করা হয়।
এদিকে, তুলনামূলক নিরাপদ হিসেবে বিবেচিত এলাকাগুলোতেও ফিলিস্তিনিরা ঝুঁকিমুক্ত নন। এসব অঞ্চলে প্রায়ই বিভিন্ন ধরনের সামরিক তৎপরতা ও হামলার ঘটনা ঘটছে বলে জানা গেছে। এর মধ্যে ড্রোন হামলাও রয়েছে।
ফলে গাজার বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। নিয়ন্ত্রণাধীন এলাকার বিস্তার এবং নিরাপদ আশ্রয়ের সংকটের কারণে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের দুর্ভোগ আরও বাড়ছে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: আলজাজিরা
মূল প্রতিবেদনে যান ↗