নেইমারের ক্লাব সান্তোস ছন্দে থাকায় দারুণ খুশি এই কিংবদন্তি ফরোয়ার্ড। তবে এর মাঝেই বুট জোড়া তুলে রাখার পরের জীবন কেমন হতে পারে, তা নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছেন তিনি।
মাত্র ১৭ বছর বয়সে পেশাদার ক্যারিয়ার শুরু করা ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের বয়স এখন ৩৪। ফুটবলকে বিদায় জানানোর পর বেশ লম্বা একটা বিরতি চান তিনি।
ব্রাজিলীয় সংবাদমাধ্যম ‘জি গ্লোবো’র এক প্রতিবেদনে বলা হয়, ‘ভারান্দা গুরমেট’ চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন নেইমার।
নেইমার বলেন, এটা স্পষ্ট যে, আমি অবসর নেওয়ার পর পুরো একটা বছর কোনো কাজ করব না, একেবারে অলস সময় কাটাব।
তিনি আরও বলেন, আমি জীবনটাকে এভাবেই উপভোগ করতে চাই। যদি আজ আমার ফুটবল খেলতে ইচ্ছা করে, আমি খেলব। কিন্তু আজ যদি আমার কিছু করার ইচ্ছা না করে, করব না।
মাঠে খেলার প্রতি যতই আবেগ থাকুক না কেন, এই ব্রাজিলিয়ান তারকা স্বীকার করেছেন যে টিভিতে ম্যাচ দেখাটা তার একেবারেই সহ্য হয় না।
ব্যাখ্যা করে তিনি বলেন, না, আমার ভালো লাগে না। বাস্কেটবল আমার খুব পছন্দ, তবে মাঝে মাঝে দেখি। আর ফুটবল দেখতে বসলে মেজাজটাই চড়ে যায়।
নেইমার যোগ করেন, যখন আমি সাক্ষাৎকারে বা বন্ধুবান্ধবদের কাছে এই কথা বলি, তখন কেউ বিশ্বাস করতে পারত না। ফুটবল আমি ভালোবাসি, কিন্তু সেটা খেলার জন্য। আর সোফায় বসে টিভিতে ম্যাচ ছাড়ার কথা বললে, ওটা আমার দ্বারা হয় না।
তিনি আরও বলেন, প্যারিস ও বার্সেলোনায় থাকার সময় তরুণ ছেলেরা যখন আমার সঙ্গে থাকত তখন শনি ও রোববারে টিভিতে শুধু ফুটবল ম্যাচই চলত। তখন আমার প্রচণ্ড রাগ হতো, আমি লিভিংরুমেও থাকতাম না।
