ঢাকার ভেতর থেকে চারটি বাস টার্মিনাল সরিয়ে নেওয়া এবং ব্যাটারিচালিত রিকশাকে লাইসেন্সের আওতায় আনার দাবি জানিয়েছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক সোহেল রানা। এ দুটি সমস্যার দ্রুত সমাধানে প্রধানমন্ত্রী তারেক জিয়ার হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। একই সঙ্গে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে কি না, তা তদারকির জন্য একটি শক্তিশালী ফলোআপ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন এই অভিনেতা।
সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন সোহেল রানা। সেখানে তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখেন, ‘রাজনৈতিক কোনো বক্তব্য নয়, ছোট দুটো জিজ্ঞাসা।’ এরপর ঢাকার পরিবহনব্যবস্থার দুটি সমস্যা তুলে ধরে দ্রুত সমাধানের আহ্বান জানান তিনি।
সোহেল রানার মতে, ঢাকা শহরের ভেতর থেকে চারটি বাস টার্মিনাল সরিয়ে নেওয়া এবং ব্যাটারিচালিত রিকশাকে লাইসেন্সের আওতায় আনার বিষয়ে অনেক দিন পেরিয়ে গেলেও নির্দেশনা বাস্তবায়িত হচ্ছে না। এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, সরকার চাইলে কাজ করতে পারে, তাহলে এসব নির্দেশনা কার্যকর হচ্ছে না কেন?
স্ট্যাটাসে দুর্গাপূজার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির কথাও উল্লেখ করেন এই অভিনেতা। তিনি জানান, দুর্গাপূজা অত্যন্ত আনন্দঘন পরিবেশে এবং কোনো অঘটন ছাড়াই উদযাপিত হয়েছে। তার প্রশ্ন, একই আইনশৃঙ্খলা বাহিনী এক ক্ষেত্রে সফলভাবে দায়িত্ব পালন করলেও অন্য ক্ষেত্রে দুর্বলতা দেখা যাচ্ছে কেন?
শুধু নির্দেশনা জারি করাই নয়, সেগুলোর বাস্তবায়ন নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিয়েছেন সোহেল রানা। তার মতে, প্রধানমন্ত্রীর নির্দেশ কার্যকর হচ্ছে কি না, তা পর্যবেক্ষণের জন্য একটি শক্তিশালী ফলোআপ কমিটি গঠন করা প্রয়োজন।
এ প্রসঙ্গে শিশু হাসপাতালের অবস্থার কথাও তুলে ধরেন তিনি। সোহেল রানা লেখেন, প্রধানমন্ত্রী চার দিন আগে হাসপাতালটি পরিদর্শন করার পর সেখানকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে তাকে জানানো প্রয়োজন। এ জন্য একটি ‘পাওয়ারফুল ফলোআপ টিম’ গঠনের পরামর্শ দেন তিনি।
স্ট্যাটাসের শেষাংশে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান সোহেল রানা। ঢাকার পরিবহনব্যবস্থা, ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নের তদারকি- এসব বিষয়ে নিজের উদ্বেগ তুলে ধরে দ্রুত কার্যকর পদক্ষেপের প্রত্যাশা জানিয়েছেন এই বর্ষীয়ান অভিনেতা।
