সাতক্ষীরার সদর ও কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় শাড়ি, ঘড়ি, তালা-চাবি, ওষুধ, প্রসাধনী, পাতার বিড়ি ও মদসহ প্রায় ২ লাখ ৭০ হাজার ৭৪৪ টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।
সাতক্ষীরা জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে ভারতীয় শাড়ি, ঘড়ি, তালা-চাবি, ওষুধ, কসমেটিক্স সামগ্রী, পাতার বিড়ি, মদ প্রভৃতি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ রোববার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা ও কাঁকডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানক দল সাতক্ষীরা সদর উপজেলার আইসিপি এলাকা ও লক্ষীদাড়ি নামক স্থান হতে ভারতীয় মদ, শাড়ি, ঘড়ি, তালা-চাবি, পাতার বিড়ি, ওষুধ ও কসমেটিক্স সামগ্রী জব্দ করে। এছাড়া, কাঁকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার ভাদিয়ালি নামক স্থান হতে ভারতীয় ঔষধ জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক দুইলাখ ৭০ হাজার ৭৪৪ টাকা।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। এছাড়া, জব্দকৃত মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে।
