শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সম্প্রীতি রক্ষা, সামাজিক সৌহার্দ্য জোরদার ও শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসেবে নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের রাউজানে বিভিন্ন কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বিজ্ঞাপন
নারায়ণগঞ্জে পূজার আবহেই জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণের অংশ হিসেবে জেলা ও মহানগর এনসিপির নেতারা নারায়ণগঞ্জের সর্বকনিষ্ঠ জুলাই শহীদ রিয়া গোপের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক শওকত আলী, সদস্যসচিব আশিকুর রহমান অভি, সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম এবং নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর সরদার ও সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান। নেতারা রিয়া গোপের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং সমবেদনা প্রকাশ করেন।
অন্যদিকে, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য জোরদার করার লক্ষ্যে এনসিপি রাউজান উপজেলা শাখার উদ্যোগে মন্দির পরিদর্শন, শারদীয় শুভেচ্ছা বিনিময় ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাউজান উপজেলার নোয়াপাড়া ঝিকুটিপাড়া শ্রীশ্রী জ্বালা কুমারী বিগ্রহ মন্দির, গশ্চি দাশপাড়া দুর্গামন্দির, পাহাড়তলী শ্রীশ্রী জ্বালাকুমারী ও দুর্গামন্দির এবং দক্ষিণ রাউজান কেন্দ্রীয় গঙ্গামন্দির পরিদর্শন করেন এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। মন্দির প্রাঙ্গণে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এক বিশেষ সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়।
রাউজান উপজেলা এনসিপির সদস্যসচিব আরমান হোসাইনের সঞ্চালনা ও জাহেদুল করিম বাপ্পির স্বাগত বক্তব্যে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির নীতিনির্ধারণী ফোরামের সদস্য ও কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্যসচিব ও জাতীয় হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান অ্যালায়েন্সের নেতা প্রীতম দাশ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির আহ্বায়ক মুহাম্মদ একরামুল হক, সদস্য সচিব আবদুল করিম টিপু, সাংগঠনিক সম্পাদক জাহেদুল করিম বাপ্পি, কেন্দ্রীয় নারী শক্তির নেত্রী সাদিয়া আফরিন, চট্টগ্রাম মহানগর এনসিপির যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দিন রনি এবং জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সদস্যসচিব খান তালাত মাহমুদ রাফি।
এছাড়া চট্টগ্রাম উত্তর জেলা, চট্টগ্রাম মহানগর ও রাউজান উপজেলা এনসিপি এবং জাতীয় ছাত্রশক্তি ও যুবশক্তির বিভিন্ন স্তরের স্থানীয় নেতা-কর্মীরা সম্প্রীতি সভায় অংশ নেন।
