জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে ৯৯ রানের ব্যবধানে হারে বাংলাদেশ। আবুধাবিতে সেই হার মাঠে বসে দেখেছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। দলের হারের পর স্টেডিয়ামে বসেই আড়াই ঘণ্টার বৈঠক করেন ক্রিকেটারদের সাথে। সেদিনের সেই আলোচনায় তামিম কী বার্তা দিয়েছিলেন, এবার তা জানিয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম।
তানজিদ তামিম বলছিলেন, 'খুব ভালো একটা সভা হয়েছে ওনার সাথে আমাদের। কারণ দেখেন যে বিসিবি আমাদের ভালো সময়, খারাপ সময়, সবসময় আমাদের পাশে থাকে। তো আমাদের কেন সমস্যা হচ্ছে, কী সমস্যা মোকাবিলা করছি আমরা বা এরকম জিম্বাবুয়েতে আমরা ওদের সাথে একদিনের সিরিজটা হেরেছি, তো সবকিছু মিলিয়ে তিনি আমাদের আরও আত্মবিশ্বাস জুগিয়েছেন।'
'তিনি আমাদের সেই ইতিবাচক বার্তাটাই দিয়েছেন যাতে আমরা সবাই একসাথে থাকি এবং একসাথে হয়ে একটি দল হিসেবে আমরা যাতে ভালোভাবে মাঠে নৈপুণ্য দেখাতে পারি প্রত্যেকটা ম্যাচে।'-যোগ করেন তিনি।
বিসিবি সভাপতির বার্তা নিয়ে তামিম আরও বলেছেন, 'প্রতিপক্ষ জিম্বাবুয়ে কিংবা অস্ট্রেলিয়া, এটা না দেখে প্রত্যেকটা আন্তর্জাতিক ম্যাচে একইভাবে মনোযোেগ রেখে, একই প্রস্তুতি রেখে এবং একটি দল হয়ে সব বিভাগে ভালো নৈপুণ্য দেখাতে পারি, এই ইতিবাচক বার্তাটাই তিনি আমাদের দিয়েছেন।'
এসএইচ/এইচজেএস
