নায়ক বাপ্পি চৌধুরীর সঙ্গে ভাইরাল হওয়া নারীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে জোর আলোচনা। অনেকেই দাবি করছেন, ওই নারী নাকি বাপ্পির স্ত্রী! তবে এবার নিজেই বিষয়টি পরিষ্কার করলেন এই চিত্রনায়ক। জানালেন, ওই নারী তাঁর স্ত্রী নন, বরং বড় ভাইয়ের স্ত্রী।
গত বুধবার (২১ অক্টোবর) দুর্গাপূজার বিজয়া দশমীতে পরিবারের সদস্যদের সঙ্গে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে যান বাপ্পি চৌধুরী। সেখানে দেবী দুর্গার বিদায়ের মুহূর্তে নাচে-গানে মেতে ওঠেন তিনি। সেই আনন্দঘন মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় নানা জল্পনা।
ভিডিওটি ঘিরে কয়েকটি পেজে দাবি করা হয়, স্ত্রীকে সঙ্গে নিয়ে পূজার আনন্দে মেতেছেন অভিনেতা। এমনকি সিঁদুর খেলা নিয়েও শুরু হয় আলোচনা। এরপরই ভাইরাল ভিডিওতে থাকা নারীকে নিয়ে কৌতূহল বাড়তে থাকে নেটিজেনদের।
এ বিষয়ে বাপ্পি বলেন, ‘ভাইরাল ভিডিওটা আমি দেখেছি। কী আর বলব! আমার বৌমণিকে বৌ বানিয়ে দেওয়া হয়েছে। সে আমার বৌমণি, বৌ না।’
অভিনেতা জানান, সেদিন পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তাঁর বাবা, বড় ভাই ও বড় ভাইয়ের স্ত্রীও মন্দিরে উপস্থিত ছিলেন। তবে সেখানে তাঁর স্ত্রী ছিলেন না।
নিজের বিয়ে নিয়েও স্পষ্ট বক্তব্য দিয়েছেন বাপ্পি। তাঁর কথায়, বিয়ে করলে সবাইকে জানিয়েই করবেন। নিজের স্ত্রীকে লুকিয়ে রাখার কোনও ইচ্ছা নেই তাঁর।
২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় বাপ্পি চৌধুরীর। এরপর ‘জটিল প্রেম’, ‘সুইট হার্ট’, ‘নায়ক’ ও ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’-সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।
একটি ভিডিও ঘিরে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটিয়ে বাপ্পি স্পষ্ট করে দিলেন, ভাইরাল ওই নারী তাঁর স্ত্রী নন, বড় ভাইয়ের স্ত্রী।
