দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে বিনিয়োগের প্রতিশ্রুতি ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার কেন্টাকিতে এক সমাবেশে প্রতিশ্রুতি দিয়েছেন যে, রিপাবলিকানরা মধ্যবর্তী নির্বাচনে জয়ী হলে প্রতিরক্ষা মন্ত্রণালয় অঙ্গরাজ্যটিতে একটি ওষুধ কারখানায় বিনিয়োগ করবে। তিনি প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার পাঠানোর পূর্বের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন, যাকে তিনি 'ট্রাম্প ডিভিডেন্ড' বলে অভিহিত করেন।
দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্যটি, ঐতিহ্যগতভাবে রিপাবলিকানদের শক্ত ঘাঁটি। ডেমোক্র্যাট গভর্নর অ্যান্ডি বেশিয়ার, সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পের সমালোচনা করে তাঁর ভাষণকে "আমাদের জনগণ, আমাদের রাষ্ট্র এবং আমাদের দেশের প্রতি একটি চরম অবিচার" বলে অভিহিত করেন। তিনি বলেন, পরিশ্রমী পরিবারগুলো ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির কারণে হিমশিম খাচ্ছে, অথচ ট্রাম্প "মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন এবং বলছেন 'জীবন আগের চেয়ে অনেক ভালো'।"
ট্রাম্প সোমবার ওহাইওতে আরেকটি সমাবেশে যোগ দেন। সেখানকার জরিপে দু'পক্ষের সমর্থন এত কাছাকাছি রয়েছে যে প্রতিদ্বন্দ্বিতার ফলাফল বলা কঠিন। তিনি অঙ্গরাজ্যটিতে নৌবাহিনীর একটি ডুবোজাহাজ মেরামত কেন্দ্র নির্মাণের প্রতিশ্রুতি দেন।
আর প্রায় দুই সপ্তাহ বাকি থাকা মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্প দেশজুড়ে সফর করছেন এবং জনসমর্থন কমে যাওয়ায় তিনি তার প্রচারণা আরও জোরদার করছেন বলে ধারণা করা হচ্ছে।