প্রথমার্ধে গোলের দেখা পায়নি আর্সেনাল। বরং অফসাইডের কারণে প্রতিপক্ষের একটি গোল বাতিল হওয়ায় স্বস্তিতে ছিল লিলে। তবে দ্বিতীয়ার্ধে দৃশ্যপট পাল্টে যায় দ্রুত। জুরিয়েন টিম্বার, এবেরেচি এজে ও বুকায়ো সাকার সাত মিনিটের ঝড়ে লিলেকে ৩-০ গোলে হারিয়েছে গানাররা।
লিডসের বিপক্ষে শনিবার ২-১ গোলের জয়ের ম্যাচ থেকে একাদশে পাঁচটি পরিবর্তন এনেছিলেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। তবে প্রথমার্ধে সেই পরিবর্তনের সুফল দেখা যায়নি। গোলশূন্য প্রথমার্ধে আক্রমণে তেমন ধার দেখাতে পারেনি স্বাগতিকরা। অন্যদিকে আয়াসে উয়েদার একটি গোল অফসাইডের কারণে বাতিল হলে এগিয়ে যাওয়ার সুযোগ হারায় লিলে।
প্রথমার্ধে আর্সেনালের হয়ে গোলের সবচেয়ে কাছাকাছি গিয়েছিলেন ব্রুনো গিমারেস। কাছ থেকে তাঁর নেওয়া শট লক্ষ্যভ্রষ্ট হয়। পরে দূর থেকে নেওয়া তাঁর জোরালো শটও ঠেকিয়ে দেন লিলের গোলরক্ষক বেরকে ওজের।
দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে কাই হাভার্টজ, বুকায়ো সাকা ও মার্টিন ওডেগার্ডকে মাঠে নামান আর্তেতা। তাঁদের উপস্থিতিতে আক্রমণের গতি বাড়ে আর্সেনালের। ৬০ মিনিট পার হওয়ার পর ননি মাদুয়েকের পাস থেকে বল পেয়ে চিপ শটে গোলরক্ষককে পরাস্ত করেন জুরিয়েন টিম্বার। তাঁর গোলে এগিয়ে যায় গানাররা।
এরপর আর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আর্সেনালকে। সাকার নিচু ক্রস থেকে বল পেয়ে শট নেন এবেরেচি এজে। তাঁর শট এক ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়। এতে ব্যবধান ২-০ করে স্বাগতিকরা।
এর কিছুক্ষণ পর হাভার্টজের কাটব্যাক থেকে পাওয়া বল দারুণ দলীয় আক্রমণে জালে পাঠান সাকা। মাত্র সাত মিনিটের ব্যবধানে তিন গোল করে ম্যাচের ভাগ্য কার্যত নিশ্চিত করে ফেলে আর্সেনাল। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্তেতার দল।
এমএস/
