সৌদি আরবের রাজধানী রিয়াদে আবারও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রোববার শহরের কেন্দ্রীয় এলাকায় এ বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন বার্তা সংস্থা এএফপির সাংবাদিকেরা। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
এএফপির সাংবাদিকেরা জানান, রিয়াদের কেন্দ্রীয় এলাকায় তারা বিস্ফোরণের শব্দ শুনেছেন। তবে এটি কোনো ক্ষেপণাস্ত্র হামলা, আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে কোনো লক্ষ্যবস্তু ধ্বংসের ঘটনা, নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা স্পষ্ট নয়।
সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এর এক দিন আগে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় অন্তত ১২ জন নিহত এবং কয়েকশ মানুষ আহত হয়েছেন। গত এক দশকের মধ্যে এই হামলাকে সবচেয়ে প্রাণঘাতী বলে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনার পর সৌদি আরবে নিরাপত্তা উদ্বেগ বেড়েছে। নতুন করে হামলার হুমকির মধ্যে রিয়াদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ রাখা এবং রাজধানীর স্কুলগুলোতে অনলাইনে পাঠদান চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলার হুমকি দিয়েছে।
গোষ্ঠীটির সামরিক মুখপাত্র সৌদি বিমানবন্দর ও আকাশসীমা ব্যবহার না করতে বিমান সংস্থা, কর্মী ও যাত্রীদের সতর্ক করেছেন।
