লালমনিরহাটের হাতীবান্ধায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় নুরনবী নামের এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলায় অপর দুই আসামিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দিয়েছেন আদালত।
আজ সোমবার দুপুরে লালমনিরহাট শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নিত্যানন্দ সরকার এ রায় ঘোষণা করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৫ সালে ভুক্তভোগী স্কুলছাত্রীকে তার বাবা শাকক্ষেত দেখতে পাঠান। এ সময় নুরনবী তাকে ভুট্টাক্ষেতে নিয়ে যান। সেখানে নিড়ানি দেওয়ার যন্ত্র ‘পাসুন’ দেখানোর কথা বলে ধর্ষণ করেন এবং ঘটনার ভিডিও ধারণ করেন।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা লালমনিরহাটের হাতীবান্ধা থানায় মামলা করেন। মামলার বিচারিক কার্যক্রমে ১৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।
রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট লুৎফর রহমান বলেন, এ রায়ে বাদীপক্ষ সন্তুষ্ট। আদালত ন্যায়বিচার করেছেন। এ ধরনের রায় সমাজে অপরাধপ্রবণতা কমাতে ভূমিকা রাখবে।
