কানাইঘাট প্রতিনিধি: সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আবুল হাসান বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনে পবিত্র কোরআন হিফজ প্রতিযোগিতায় বাংলাদেশের লাল-সবুজের পতাকাকে সমুন্নত করেছেন বিশ্বজয়ী হাফেজ এহতেশামুল হক হীরা। তাঁর এ গৌরবোজ্জ্বল অর্জন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। শনিবার সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের ফালজুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতি আবুল হাসান বলেন, সম্প্রতি মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় শতাধিক দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেছেন কানাইঘাটের সন্তান হীরা। তাঁর এই সাফল্য প্রমাণ করে, কানাইঘাট আলেম-উলামা ও হাফেজে কোরআন তৈরির উর্বর ভূমি। হীরার ভবিষ্যৎ পথচলা আরও সমৃদ্ধ করতে এবং তাঁকে কোরআনের একজন দক্ষ স্কলার হিসেবে গড়ে তুলতে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
রানাপিং উচ্চ বিদ্যালয় ও কলেজের ভাইস প্রিন্সিপাল হালিম উদ্দিনের সভাপতিত্বে এবং মির্জারগড় মাদরাসাতুল মদিনার নির্বাহী মুহতামিম মাওলানা আমীমুল ইহসান শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন হাফেজ মাওলানা খালেদ আহমদ, কালান্তর প্রকাশনীর প্রকাশক মাওলানা আবুল কালাম আজাদ, মুফতি মাওলানা শরিফুল ইসলাম ও মাস্টার এনাম উদ্দিন।
বিশ্বজয়ী হাফেজের সাফল্যে অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন রাজাগঞ্জ আটলারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনওয়ারুল হক। অনুষ্ঠানে মনোমুগ্ধকর কোরআন তিলাওয়াত করেন হাফেজ এহতেশামুল হক হীরা।
এ সময় ঝিংগাবাড়ী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. আব্দুছ ছালাম, শায়খুল হাদিস মাওলানা আব্দুল্লাহ আল হোসাইন, মাওলানা আলী আবদীন, মাওলানা জোবায়ের আহমদ চৌধুরী, মাওলানা শাহেদ আহমদ, প্রবাসী আব্দুল্লাহ আল মামুন ও সুলতান আহমদ চৌধুরী, মাওলানা রায়হান উদ্দিন, হাফেজ জসীম উদ্দিন, ইউপি সদস্য আব্দুল কুদ্দুছ, আব্দুল্লাহ ও ফয়ছল আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
