কালবেলা · সাধারণ
৫৬ বছর পর স্কুলের টানে কলকাতা থেকে ঝালকাঠিতে তিন বন্ধু
২৩/১০/২০২৬

দীর্ঘ ৫৬ বছর পরও কমেনি স্কুলের প্রতি টান। সেই টানেই ভারতের কলকাতা থেকে ঝালকাঠিতে ছুটে এসেছেন তিন বন্ধু। ঝালকাঠির উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের ৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী উৎসবে যোগ দিতেই কলকাতা থেকে বাংলাদেশে আসা তাদের।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে ঝালকাঠির ঐতিহ্যবাহী উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের ৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী উৎসব শুরু হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এসএম জিয়াউদ্দিন হায়দার।
পুরনো স্কুলের ভালোবাসার টানে কলকাতা থেকে তিন বন্ধু হলেন গৌর নিতাই সাহা, স্বপন দত্ত ও স্বপন বনিক। তারা বিদ্যালয়ের ১৯৭০ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী।
বহু বছর পর পুরোনো সহপাঠীদের সঙ্গে দেখা হওয়া এবং স্মৃতিবিজড়িত বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশ নিতে পেরে আনন্দিত তারা। এ বিষয়ে গৌর নিতাই সাহা বলেন, ৮৫ বছর পূর্তি ও শিক্ষার্থী পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নিতে ভারতের কলকাতা থেকে আমরা তিন বন্ধু ছুটে এসেছি। অনেক দিন পর বন্ধুদের কাছে পেলাম।
সকালে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিদ্যালয়ের নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা অংশ নেন। দীর্ঘদিন পর সহপাঠীদের কাছে পেয়ে অনেকে আড্ডা, হাসি-আনন্দ ও স্মৃতিচারণায় মেতে ওঠেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা মিতু, জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন ও পুলিশ সুপার মেরিন সুলতানা।
প্রধান অতিথি ড. এসএম জিয়াউদ্দিন হায়দার বলেন, ১৯৪০ সালে উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যালয়টির নামকরণ করেছিলেন বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং শিক্ষা বিস্তারে আন্তরিক।
মূল প্রতিবেদনে যান ↗