পূর্ব আফ্রিকার দেশ জিবুতির উপকূলে ৩০৫ জন অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে শিশুসহ অন্তত ১৩৯ জনের মৃত্যু হয়েছে। আজ রোববার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) বরাতে এ তথ্য জানিয়েছে এনবিসি নিউজ ও রয়টার্স।
আইওএমের তথ্য অনুযায়ী, নৌকাটি আফ্রিকার জিবুতি থেকে মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনের দিকে যাচ্ছিল। গত বৃহস্পতিবার রাতে অথবা শুক্রবার সকালে নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় ৫২ জন পুরুষ, ৪২ জন নারী ও ১৫ শিশুর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ৮০ জনের বেশি মানুষ বেঁচে ফিরেছেন। তারা সবাই ইথিওপিয়ার নাগরিক। এখনো ৮০ জন নিখোঁজ রয়েছেন।
আইওএম জানিয়েছে, নিরাপত্তা ও অর্থনৈতিক সুযোগের সন্ধানে হর্ন অব আফ্রিকা অঞ্চল থেকে প্রতিবছর হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী জিবুতি হয়ে বাব আল-মান্দেব প্রণালি পেরিয়ে উপসাগরীয় দেশগুলোর দিকে যাত্রা করেন। ইয়েমেনে সহিংসতা চললেও অভিবাসীদের এই যাত্রা অব্যাহত রয়েছে।
জিবুতিতে আইওএমের মিশন প্রধান আলেকজান্দ্রে কোইসাক বলেন, ‘এটি অত্যন্ত মর্মান্তিক প্রাণহানির ঘটনা। এই ট্র্যাজেডিটি সেইসব বিপদের কথা স্পষ্টভাবে মনে করিয়ে দেয়, যার মুখোমুখি হতে হয় অভিবাসীদের; যারা অর্থনৈতিক সুযোগের সন্ধানে এই অভিবাসন পথ পাড়ি দেন।’
আইওএমের মহাপরিচালক অ্যামি পোপ বলেন, ‘নিরাপদ কোনো বিকল্প উপায় নেই বলে বিশ্বাস না করলে কেউ এমন নৌকায় ওঠে না। এসব মৃত্যুকে আমরা আর স্বাভাবিক ঘটনা হিসেবে মেনে নিতে পারি না। নিরাপদ ও বৈধ পথ জীবন বাঁচায়। পরবর্তী নৌকাডুবির ঘটনা ঘটার আগেই আমি সরকার ও দাতাদের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।’
আইওএমের ‘মিসিং মাইগ্রেন্টস প্রজেক্ট’-এর তথ্য অনুযায়ী, গত বছর এই পথে ৯০০-এরও বেশি অভিবাসী মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন।
