Published on
:
1 min read
এই সময়: এখন থেকে আর শুধুমাত্র দিল্লি এইমস নয়, কল্যাণী, পাটনা, ভুবনেশ্বর, গুয়াহাটি ও দেওঘর এইমস হাসপাতালেও ওয়েস্টবেঙ্গল হেলথ স্কিমের সুবিধে পাওয়া রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত পেনশনভোগীরা চিকিৎসা করাতে পারবেন। এর জন্য আগাম কোনও অনুমতির প্রয়োজন হবে না। ওপিডি বা বর্হিবিভাগ ও অর্ন্তবিভাগ বা আইপিডি উভয় ক্ষেত্রেই এই নীতি কার্যকর হবে। বুধবার থেকে এই নির্দেশিকা কার্যকর হয়েছে বলে নবান্ন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে। এই কারণে ওয়েস্টবেঙ্গল হেলথ স্কিমের কোনও শর্ত পরিবর্তন করা হয়নি।
সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় সরকার একাধিক নতুন এইমস হাসপাতাল গড়ে তুলেছে। সেগুলিতে ইতিমধ্যেই পূর্ণাঙ্গ চিকিৎসা পরিষেবা চালু হয়ে গিয়েছে। রাজ্যের যে সমস্ত জেলা ভৌগোলিক ভাবে কলকাতা থেকে অনেকটা দূরে, সেখানকার বাসিন্দাদের কথা মাথায় রেখেই রাজ্য এই পদক্ষেপ গ্রহণ করল। প্রসঙ্গত, রাজ্য সরকার সম্প্রতি ওয়েস্টবেঙ্গল হেলথ স্কিমের আওতায় বেসরকারি হাসপাতালে চিকিৎসার ক্ষেত্রে ক্যাশলেস–এর আর্থিক সীমা দু’লক্ষ টাকা থেকে বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করেছে। অতিরিক্ত খরচ হলে তাও ফেরত পাবেন যোগ্য সুবিধাভোগীরা। সংশ্লিষ্ট হাসপাতালগুলিতে চিকিৎসার জন্য যাতায়াতের কোনও ভাতা দেওয়া হবে না বলে নির্দেশিকা অর্থ দফতরের। বহির্বিভাগে বা আউটডোর চিকিৎসার ক্ষেত্রে নির্দিষ্ট তালিকাভুক্ত রোগের ক্ষেত্রেই খরচ মিলবে। সমস্ত রোগের খরচ পাওয়া যাবে না।
ইতিমধ্যেই রাজ্য সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, ওয়েস্টবেঙ্গল হেলথ স্কিমের সুবিধে পাওয়া কোনও সরকারি কর্মী বা অবসরপ্রাপ্ত কর্মী স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান ভারত কার্ড পেয়ে থাকলে ৩১ অক্টোবরের মধ্যে তা ফেরত দিতে হবে। তাঁদের নথিভুক্ত পরিবারের সদস্যরাও স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান ভারতের সুবিধে পাবেন না।
