Published on
:
2 min read
এক সপ্তাহও কাটল না। তার আগেই চাকরি গেল হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেটি জ়াকারিয়া-র। শুক্রবার, দায়িত্ব গ্রহণ করার পাঁচ দিনের মাথায় বরখাস্ত করা হয়েছে তাঁকে। একাধিক আমেরিকান সংবাদ মাধ্যম সূত্রে খবর। তবে কেটি জ়াকারিয়া বা হোয়াইট হাউসের তরফে এখনও এই নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
গত অগস্ট মাসে, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদ ছাড়েন ক্যারোলিন লেভিট। এর পরে কেটি জ়াকারিয়া (Katie Zacharia)-কে ওই পদে নিয়োগ করা হয়। সূত্রের খবর, জ়াকারিয়ার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছিল। আইনজীবী বা বার-এর পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারলেও নিজেকে অ্যাটর্নি হিসেবে পরিচয় দিয়েছিলেন তিনি। তাঁকে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার সময়েও জ়াকারিয়াকে অ্যাটর্নি হিসেবে উল্লেখ করেছিলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
উল্লেখ্য, গত সোমবার,হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে যোগ দিয়েছিলেন কেটি জ়াকারিয়া। মঙ্গলবার, প্রথমবার, সাংবাদিক সম্মেলন করেন তিনি। গত শুক্রবার তাঁকে ক্যারোলিন লেভিটের স্থলাভিষিক্ত হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলেও জানিয়েছিলেন জ়াকারিয়া। এমনকী সেদিনই তাঁর আইনি শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়।
সূত্রের খবর, শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্ক-এর জেরে তাঁকে বরখাস্ত করা হয়েছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, হোয়াইট হাউসের প্রেস অফিসের দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায়, শুক্রবার, ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি কেটি জ়াকারিয়াকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের উদ্ধৃত করে জ়াকারিয়াকে বরখাস্ত করার কথা জানিয়েছে নিউ ইয়র্ক টাইমসও। অন্যদিকে, হোয়াইট হাউসের এক আধিকারিককে উদ্ধৃত করে ফক্স নিউজ় জানিয়েছে যে, তাঁর দায়িত্ব থেকে সরে আসছেন কেটি জ়াকারিয়া।
প্রসঙ্গত, জ়াকারিয়াকে এই চাকরির বিষয়টি পুনর্বিবেচনা করার পরামর্শ দিয়েছিলেন ট্রাম্প। সাংবাদিকদের নিজেই এই কথা জানিয়েছিলেন আমেরিকান প্রেসিডেন্ট। প্রেস সেক্রেটারি হিসেবে কাজ করে জ়াকারিয়া আদৌ সুখী হতে পারবেন কী না তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন ট্রাম্প।
পেপারডাইন ইউনিভার্সিটির ( Pepperdine University) ল কলেজ থেকে ২০১১ সালে স্নাতক হয়েছিলেন জ়াকারিয়া। তবে ক্যালিফোর্নিয়ার বার পরীক্ষায় ( bar exam) তিনি আদৌ উত্তীর্ণ হয়েছিলেন কী না তা নিয়ে প্রশ্ন ওঠে। জ়াকারিয়া নিজেও স্বীকার করেন, প্রথমবার অকৃতকার্য হওয়ার পর তিনি দ্বিতীয়বার আর পরীক্ষা দেননি তিনি। তবে তিনি আইনের স্নাতক।
