প্রকাশিত: ২১:৫২, ১৫ অক্টোবর ২০২৬
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফুলবাড়িয়ায় ৬ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ৬ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার ফুলবাড়িয়া উপজেলার মৃত মেহের আলীর ছেলে গোলাম মোস্তফা (৪৬), আইয়ুব আলীর ছেলে আবু সাইদ (২৫), বরগুনা জেলার তালতলী উপজেলার আব্দুর রশিদ ফকিরের ছেলে মোস্তফা ফকির (৪৮), রাজা বিশ্বাসের ছেলে ইসমাইল বিশ্বাস (৪৯)।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত পৌনে ৮ টার দিকে ময়মনসিংহ জেলা পুলিশের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারেন, উপজেলার নাওগাঁও ইউনিয়নের রামপুর গ্রামে জাল টাকা বেচাকেনা হচ্ছে। এমন খবরে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় এক হাজার টাকার ৬১০টি জাল নোট জব্দ করে। যার সর্বমোট ৬ লাখ ১০ হাজার জাল টাকা। এ সময় জাল টাকা কারবারে জড়িত চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, উদ্ধারকৃত জাল নোটের উৎস, এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি এবং সংশ্লিষ্ট অপরাধী চক্রের সদস্যদের শনাক্ত করতে পুলিশি অনুসন্ধান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জাল নোটের বিস্তার রোধ এবং এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
