টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আজ শনিবার বিকেলে উপজেলার জামুর্কী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মোটরসাইকেল আরোহী টাঙ্গাইলের বাসাইল এলাকার আসিফ (১৮) এবং পিকআপ চালকের সহযোগী সিরাজগঞ্জের উল্লাপাড়ার আব্দুল রহিম (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী লেনে এস আই ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে মোটরসাইকেলের সামনে থাকা একটি পিকআপকেও ধাক্কা দেয় বাসটি। এতে মোটরসাইকেল আরোহী আসিফ ও পিকআপের সহকারী আব্দুল রহিম ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান বলেন, ‘দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
