ঢাকা: সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় রাজধানীর মোহাম্মদপুর থানায় করা মামলায় আরও একজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত তৎকালীন ডিবি পুলিশের পরিদর্শক মনিরুজ্জামানের জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি গ্রহণ শেষে আসামি পক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন। জেরা সম্পন্ন হওয়ার পর আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী বছরের ১১ জানুয়ারি দিন ধার্য করেছেন।
আসামিপক্ষের আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার বাদী ড. বদিউল আলম মজুমদারকে পুনরায় জেরা করার জন্য একটি আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। এর মাধ্যমে মামলাটির মোট ২৮ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হলো।
এ মামলার অভিযুক্ত আসামিরা হলেন ছাত্রলীগের মোহাম্মদপুর থানার সভাপতি নাইমুল হাসান, মোহাম্মদ ইশতিয়াক মাহমুদ, ফিরোজ মাহমুদ, মীর আমজাদ হোসেন, সাজু ইসলাম, রাজীবুল ইসলাম, শহিদুল আলম খান, সিয়াম এবং অলি আহমেদ।
উল্লেখ্য, ২০১৮ সালের ১০ আগস্ট রাতে মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। ওই রাতেই ড. বদিউল আলম মজুমদার বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলাটি দায়ের করেন। ২০২১ সালের ১৮ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আব্দুর রউফ আদালতে প্রথম অভিযোগপত্র জমা দেন।
২০২২ সালের ২৮ মার্চ মামলাটির সাক্ষ্যগ্রহণ শুরু হয় এবং সে বছরের ৪ ডিসেম্বর পর্যন্ত ছয়জনের সাক্ষ্য নেওয়া হয়। সাক্ষ্য প্রদানকালে ড. বদিউল আলম মজুমদার, খুশি বেগম ও মাহবুবুল আলম মজুমদার তাদের জবানবন্দিতে ইশতিয়াক মাহমুদের নাম উল্লেখ করেন। এর পরিপ্রেক্ষিতে ২০২২ সালের ২৭ ডিসেম্বর আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য ঢাকার সিএমএম আদালতে পাঠানোর সিদ্ধান্ত নেন।
পরবর্তীতে ২০২৩ সালের ১ জানুয়ারি তৎকালীন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালত মামলাটির অধিকতর তদন্তের আদেশ দেন। তদন্ত শেষে ওই বছরের ১৯ সেপ্টেম্বর ডিবি পুলিশের সহকারী পুলিশ সুপার রাজন সাহা ড. বদিউল আলম মজুমদারের শ্যালক মোহাম্মদ ইশতিয়াক মাহমুদসহ নয়জনের বিরুদ্ধে সম্পূরক চার্জশিট দাখিল করেন। এরপর ২০২৩ সালের ১৯ নভেম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর আদেশ দেন।
