রুহিয়ায় মাদকবিরোধী অভিযানে ৯৫৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৮ গ্রাম হেরোইনসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার কশালগাঁও এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুই নারী হলেনÑ প্রধান অভিযুক্ত মোকসেদুল ইসলামের স্ত্রী লাভলী বেগম (২৩) ও উমের আলীর স্ত্রী মুসিদা বেগম (৫৫)। তাদের সবার বাড়ি কশালগাঁও সেনপাড়া এলাকায়। এ মামলায় লাভলী বেগমের স্বামী মোকসেদুল ইসলাম (৩১) পলাতক রয়েছেন। পুলিশ জানায়, রুহিয়া থানার পুলিশ গোপন সংবাদ ভিত্তিতে কশালগাঁও সেনপাড়া এলাকায় মোকসেদুলের বাড়িতে অভিযান চালিয়ে ঘর থেকে ৯টি প্যাকেটে মোট ৯৫৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। এ ছাড়া পলিথিনে মোড়ানো ৮ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির নগদ ৩ হাজার ৭৭০ টাকা জব্দ করে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পলাতক অভিযুক্ত মোকসেদুল ইসলাম নিজ বাড়িতে মাদক মজুত করে দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ ব্যবসা চালিয়ে আসছিলেন। তবে অভিযোগের সত্যতা বিচারিক প্রক্রিয়ায় নিশ্চিত করা হবে। এ ঘটনায় রুহিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পলাতক প্রধান অভিযুক্ত মোকসেদুল ইসলামকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। অন্যদিকে, গ্রেপ্তার দুই নারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।