কালবেলা · general
ঝালকাঠি কারাগারে অসুস্থ নারী হাজতির মৃত্যু
১৩/১০/২০২৬

ঝালকাঠি জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাজল রেখা (৩৫) নামে এক নারী হাজতির মৃত্যু হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) রাতে ঝালকাঠি জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়েন ওই নারী। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঝালকাঠি জেলা কারাগারের সুপার মোহাম্মদ বিকাশ রায়হান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, কাজল রেখা ঝালকাঠির নলছিটি উপজেলার ইসলামাবাদ এলাকার আরিফ হোসেনের স্ত্রী।
কারাগার সূত্রে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় অভিযান চালিয়ে কাজল রেখাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২০টি ইয়াবা ও ১০৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ওই ঘটনায় তার বিরুদ্ধে মাদক মামলা হয়। গ্রেপ্তারের পর থেকে কাজল রেখা ঝালকাঠি জেলা কারাগারে বন্দি ছিলেন বলে জানান তিনি।
মূল প্রতিবেদনে যান ↗