কর্মসূত্রে কলকাতা থেকে হাজার হাজার মাইল দূরে রয়েছেন তাঁরা। তবু শরৎ এলেই যেন মনের কোণে মনকেমনের মেঘ। মন ফিরে যায় সেই চেনা শহরে। ঢাকের আওয়াজ, শিউলির গন্ধ, আলোকসজ্জা আর প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়ানোর স্মৃতি আজও সমানভাবে টানে তাঁদের। আর সেই ক্ষতে যেন প্রলেপ দিতে বিদেশ বিভুঁইয়ে দুর্গাপুজোর আয়োজন।
প্রবাসেও পুজোর আনন্দে কোনও খামতি নেই। ইউকে হিন্দু ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দুর্গোৎসবও স্বমহিমায় ব্যতিক্রমী। কলকাতার মতো জাঁকজমক নেই। কিন্তু ঘরোয়া পরিবেশ, আন্তরিকতা আর আপনজনের উষ্ণতাই সবচেয়ে বড় প্রাপ্তি। দেবী আরাধনা, অঞ্জলি, সাংস্কৃতিক অনুষ্ঠান আর ছোট-বড় সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কয়েকটা দিন যেন সত্যিই এক টুকরো কলকাতা হয়ে ওঠে লন্ডন।
ব্যস্ত প্রবাস জীবনের মাঝেও নিজেদের সংস্কৃতি, ঐতিহ্য আর শিকড়কে আগলে রাখার এই প্রচেষ্টাই পুজোর আসল সার্থকতা। পুজো উদ্যোক্তাদের দাবি, “কলকাতার পুজোকে ভীষণ মিস করি। কিন্তু লন্ডনের মাটিতে দাঁড়িয়েও মা দুর্গার আরাধনা করতে পারছি, এ আমাদের পরম সৌভাগ্য।” তাঁদের কথায়, “দেশ থেকে দূরে আছি, মায়ের থেকে নয়।”
