Published on
:
1 min read
এই সময়, আসানসোল: রাস্তায় যাঁরা পথকুকুরদের খাবার দেন, তাঁদের স্বীকৃতি দেওয়া হবে বলে জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। বুধবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তিনি। তাঁর যুক্তি, পথকুকুরদের খাবার দিতে গেলে অনেক সময়ে অনেককে হেনস্থার মুখে পড়তে হয়। তাঁরা যাতে তেমন পরিস্থিতির শিকার হতে না হয়, তাই এই সিদ্ধান্ত।
একইসঙ্গে তিনি জানিয়েছেন, পাখিদের জন্য এ বার থেকে গাছে মাটির পাত্রে ঝুলিয়ে দেওয়া হবে পানীয় জল ও শস্যদানা। কোন পাখি কী দানা খেতে পছন্দ করে, তা নিয়ে পক্ষী বিশেষজ্ঞদের সঙ্গে কথা হবে। পুজোর পর থেকেই রাজ্যের পুর এলাকায় এই কাজ শুরু হবে বলে জানিয়েছেন পুরমন্ত্রী।
এ দিন অগ্নিমিত্রা বলেন, ‘বর্তমান সরকার যেমন মানুষের স্বার্থে যেমন কাজ করছে, তেমনই পশু–পাখিদের প্রতিও মানবিক দৃষ্টি দিয়েছে। এমন অনেকেই রয়েছেন যাঁরা নিয়মিত পথকুকুরদের খাবার দেন। কিন্তু অনেকে এ কাজে বাধা দেন। এমন হওয়া উচিত নয়। রাস্তার পশু–পাখিদের প্রতি মানবিক হওয়া উচিত।’ পুর–দপ্তর সিদ্ধান্ত নিয়েছে, পথকুকুরদের যাঁরা খাবার দেন, তাঁদের চিহ্নিত করে পুরসভার তরফে সচিত্র পরিচয়পত্র দেওয়া হবে।
তাঁদের নামের তালিকা সংশ্লিষ্ট থানায় জানিয়ে দেওয়া হবে। যাতে তাঁদের এই কাজে কেউ বাধা দিতে না পারেন। ঠিক হয়েছে, পুর এলাকার প্রতিটি ওয়ার্ডে একটি নির্দিষ্ট জায়গায় কংক্রিটের প্ল্যাটফর্ম তৈরি করা হবে। সেখানে সারমেয়দের জন্য স্টিলের বাটি রাখা হবে। সেই পাত্রেই খাবার দিতে হবে। খাওয়া হয়ে গেলে যিনি খেতে দিচ্ছেন, তাঁকে ওই জায়গা পরিষ্কার করে দিতে হবে।