সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও আরও আটজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২১ অক্টোবর) এক বিবৃতিতে সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে হামলার তথ্য জানায়। সংস্থাটি জানায়, আহতদের মধ্যে কারও আঘাত সামান্য, আবার কারও অবস্থা গুরুতর। তাঁদের সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
এর আগে একই দিন সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানায়, দেশটির শায়বাহ তেলক্ষেত্রে সৌদি আরামকোর একটি স্থাপনায় আঘাত হানার চেষ্টা করা একটি ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে। এ ঘটনায় দুজন নিহত হয়েছেন।
হুতি বিদ্রোহী এবং সৌদি আরব-সমর্থিত ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের মধ্যে সংঘাত তীব্র হওয়ার মধ্যে সৌদি বিমানবন্দরগুলোতে ধারাবাহিক হামলার সর্বশেষ ঘটনা এটি।
এর আগে ১১ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র বা অন্য কোনো ধরনের প্রক্ষেপণাস্ত্রের আঘাতে একজন নিহত ও ১১ জন আহত হওয়ার কথা জানিয়েছিল সৌদি আরব। তার এক দিন আগে, ১০ অক্টোবর একই বিমানবন্দরে পৃথক আরেকটি হামলায় ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছিল দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
এদিকে হুতিদের অব্যাহত হামলার মধ্যে বুধবার সৌদি আরবে নিজেদের কূটনৈতিক মিশনগুলো থেকে কূটনীতিক ও তাঁদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
বার্তাসংস্থা রয়টার্সকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশে অবস্থিত মার্কিন মিশন থেকেও কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
একই দিন রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস সৌদি আরবে হুতিদের সম্ভাব্য আরও হামলা নিয়ে নিরাপত্তা সতর্কতা জারি করেছে।
বিআলো/শিলি