নাটোরের নলডাঙ্গায় বিজয়া দশমী উদ্যাপন ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বুধবার (২১ অক্টোবর) উপজেলার ৫৯টি পূজামণ্ডপে ধর্মীয় আচার-অনুষ্ঠান, আনন্দ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হয় বিজয়া দশমী।
ছয় দিনব্যাপী দুর্গোৎসব ঘিরে নলডাঙ্গার বিভিন্ন পূজামণ্ডপে ছিল উৎসবের আমেজ। শেষ দিনে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানান ভক্তরা। পুরো উৎসবজুড়ে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। এ ছাড়া নাটোর-২ (নলডাঙ্গা-সদর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের সরকারি দলের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নির্দেশনায় উপজেলা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও সার্বিক সহযোগিতায় পাশে ছিলেন।
এদিকে, বিজয়া দশমী উপলক্ষে উপজেলার বাসুদেবপুর শ্রীশচন্দ্র বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয় মাঠে বিজয়া দশমী মেলার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম বুলবুল। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। মেলার আয়োজনে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা তুলে ধরা হয়।
সংশ্লিষ্টরা মনে করেন, ধর্মীয় উৎসবের মধ্য দিয়ে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহাবস্থান ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হয়। শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন তাঁরা।
এই বাংলা/এমএস
