তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র নেই-আওয়ামী লীগ এখন এমন একটি নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করছে। তবে গণতন্ত্র একটি প্রক্রিয়ার বিষয়। গত ১৭ বছরে ধ্বংস করে যাওয়া ব্যবস্থা থেকে ফিরে আসতে সময় লাগছে। মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচিত করেছে, সংসদে বিরোধী দলও রয়েছে। তার বিশ্বাস, ধীরে ধীরে গণতন্ত্র আরও উন্নত হবে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকের হাট বাজার পরিদর্শন ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।
আন্দালিব রহমান পার্থ বলেন, আগে আওয়ামী লীগ বলত, বিএনপি ক্ষমতায় এলে দেশে পূজা হবে না। অথচ এবার হিন্দুরা আনন্দ-উৎসবের মধ্য দিয়ে নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালন করেছেন। তাঁর ভাষায়, নিজের চোখে বাংলাদেশে এত সুন্দর ও নিরাপত্তার মধ্যে পূজা উদযাপন আগে দেখেননি।
মন্ত্রী বলেন, ক্ষমতা থেকে পালিয়ে যাওয়ার কিছুদিন পর থেকেই বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে-এমন প্রচার শুরু হয়েছে। ভারতের কিছু কিছু গণমাধ্যমও তা সম্প্রচারের চেষ্টা করছে। তার দাবি, এসব ন্যারেটিভের ভিত্তিতেই এখন দেশে গণতন্ত্র নেই বলে প্রচার চালানো হচ্ছে।
তিনি আরও বলেন, ১৫ থেকে ৩৫ বছর বয়সী প্রায় পাঁচ কোটি মানুষ আওয়ামী লীগের পতন বা দেশ ছেড়ে যাওয়ার ঘটনার সঙ্গে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে যুক্ত ছিল। কেউ রাজপথে, কেউ ফেসবুক ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলো। এই বিপুলসংখ্যক মানুষের কাছে আওয়ামী লীগের ন্যারেটিভের মাধ্যমে ফিরে আসা কঠিন হবে বলে মনে করেন তিনি।
