The Sangbad · সাধারণ
ভাওয়াল রাজদিঘীসহ সব খাস পুকুর উদ্ধারের দাবি
২১/১০/২০২৬

গাজীপুরের ঐতিহ্যবাহী ভাওয়াল রাজদিঘীসহ মহানগরীর সব খাস পুকুর দখল ও দূষণমুক্ত করে সংস্কার, সৌন্দর্যায়ন ও টেকসই উন্নয়নের দাবি জানিয়েছে স্থানীয় নাগরিক সমাজ।বুধবার (২১ অক্টোবর) বেলা ১১টায় রাজদিঘীর পাড়ে 'ভাওয়াল রাজদিঘী সংস্কার ও টেকসই উন্নয়ন বাস্তবায়ন আন্দোলন'-এর উদ্যোগে সচেতনতামূলক সমাবেশ, ডাস্টবিন স্থাপন ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়।সমাবেশে সংগঠনের নেতারা গাজীপুরের খাস পুকুরগুলো পুনরুদ্ধারে জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীদের মাঝে পরিবেশ সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।সংগঠনের আহ্বায়ক মনোয়ার হোসেন রনির সভাপতিত্বে এবং সদস্যসচিব অধ্যাপক মো. রফিকুল ইসলাম আলমের পরিচালনায় সমাবেশে গাজীপুর জজকোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট হাফিজুল্লাহ দর্জি, সিরাজুল হক খোকা ও শাহাদাত হোসেনসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।মনোয়ার হোসেন রনি বলেন, ‘শুধু রাজদিঘী নয়, গাজীপুর শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা সব খাস পুকুর দখল ও দূষণমুক্ত করতে হবে। জলাশয়গুলো পুনরুদ্ধার ও সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।’সংগঠনের সদস্যসচিব অধ্যাপক মো. রফিকুল ইসলাম আলম নগরের খাস পুকুরগুলোর শোচনীয় অবস্থা তুলে ধরে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি কাজী আজিম উদ্দিন কলেজসংলগ্ন পুকুরটি দ্রুত সংস্কার করে চারপাশে ওয়াকওয়ে নির্মাণ এবং টাংকির পাড়, মুন্সিপাড়া ও গাজীপুর ক্লাবসংলগ্ন পুকুরগুলো পর্যায়ক্রমে পরিচ্ছন্ন করার দাবি জানান।বক্তারা বলেন, জলাশয় সংরক্ষণ কেবল সৌন্দর্যায়ন নয়, এটি ভূগর্ভস্থ পানির স্তর রক্ষা ও ডেঙ্গু প্রতিরোধে অত্যন্ত জরুরি। সমন্বিত উদ্যোগের মাধ্যমে প্রাকৃতিক জলাশয়গুলো রক্ষা করা গেলে গাজীপুর বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগর হিসেবে গড়ে উঠবে।
মূল প্রতিবেদনে যান ↗