উত্তরাঞ্চলের কৃষি ও কৃষকদের স্বার্থ বিবেচনায় রাজশাহীর জনসভা থেকে আখচাষিদের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ বার্তা দেবেন বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভার প্রস্তুতি পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা জানান।
ভূমিমন্ত্রী বলেন, অল্প সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি নিতে হলেও রাজশাহীর সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটিই প্রথম রাজশাহী সফর। এ কারণে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের মানুষের মধ্যেও তাঁকে ঘিরে আগ্রহ তৈরি হয়েছে।
সফরটিকে তাৎপর্যপূর্ণ উল্লেখ করে মিজানুর রহমান মিনু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান হিসেবে তারেক রহমানের এ সফর রাজশাহীর মানুষের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। দীর্ঘ ১৭ বছরের সংগ্রামের মধ্য দিয়ে তারেক রহমান দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন বলেও মন্তব্য করেন তিনি। এ সফরে রাজশাহীর দীর্ঘদিনের বিভিন্ন দাবি ও প্রত্যাশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে।
মঙ্গলবার (২০ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ঘিরে শহরজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভায় যোগ দেওয়ার পাশাপাশি শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
রাজশাহীবাসীর দাবির মধ্যে রয়েছে বীজ সংরক্ষণের কার্যকর ব্যবস্থা, রাজশাহী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা, কৃষিভিত্তিক রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপন, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজ দ্রুত শেষ করা এবং পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। পাশাপাশি রাজশাহী নগরীকে আনুষ্ঠানিকভাবে শিক্ষা নগরী ঘোষণার দাবিও রয়েছে। শিল্পমন্ত্রী ও সংশ্লিষ্ট উপদেষ্টাদের উপস্থিতিতে এসব দাবি উত্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
এদিকে সোমবার জনসভাস্থলের প্রস্তুতি পরিদর্শন করেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনসহ স্থানীয় জ্যেষ্ঠ নেতারা।
