জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্ব ও কৃতিত্বপূর্ণ অবদান রাখার জন্য বৃহত্তর চট্টগ্রাম জেলার বিশিষ্ট গুণীজনদের সংবর্ধনা এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে চট্টগ্রাম সমিতি-ঢাকা।
শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর তোপখানা রোডে সমিতির নিজস্ব ভবন মিলনায়তনে এ গুণীজন সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মোঃ হাবিবুল গণি।
চট্টগ্রাম সমিতি-ঢাকার সভাপতি ইমেরিটাস অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিন চৌধুরী, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মদ জকরিয়া, হাসপাতাল কমিটির চেয়ারম্যান জয়নুল আবেদীন জামাল, সমিতির সাবেক সভাপতি ও সাবেক কম্পোট্রলার এন্ড অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী, অনুষ্ঠানের আহ্বায়ক ও সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল এবং সংগঠনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল হক চৌধুরী। এ সময় সংবর্ধনাপ্রাপ্ত অতিথিবৃন্দ ও তাঁদের প্রতিনিধিরাও বক্তব্য দেন।
অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল অবদান রাখা গুণীজন ও তাঁদের প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। অনুষ্ঠানে সংবর্ধনাপ্রাপ্ত গুণীজনদের মধ্যে ২০২৫ ও ২০২৬ সালে মহান স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত মরহুম ডা. জাফরুল্লাহ চৌধুরী, ইমেরিটাস অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, মরহুম অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম এবং মরহুমা নভেরা আহমেদের পক্ষে সম্মাননা গ্রহণ করা হয়। এছাড়া ২০২৫ ও ২০২৬ সালে একুশে পদকপ্রাপ্ত মরহুম আইয়ুব বাচ্চু, স্বর্গীয় ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া ও মরহুম মোহাম্মদ ইউসুফ চৌধুরী এবং ২০২৪ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক ড. সলিমুল্লাহ খানের হাতেও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ২০২৩-২০২৪ ও ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অধ্যয়নরত মোট ৩৩ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়। সামগ্রিক এই আয়োজন চট্টগ্রাম অঞ্চলের কৃতি সন্তান ও গুণীজনদের প্রতি শ্রদ্ধা এবং নতুন প্রজন্মের শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় বড় উৎসাহ যোগাবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।
আজকালের খবর/কাওছার আল হাবীব
