জামালপুরের মাদারগঞ্জে পুকুরের পানিতে ডুবে রাতুল নামে ১৬ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ রোববার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের ফাজিলপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রাতুল ওই এলাকার মুঞ্জুরুল ইসলামের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে পরিবারের সবার অগোচরে খেলতে খেলতে বাড়ির পাশে থাকা একটি পুকুরে পড়ে যায় শিশু রাতুল। অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে শিশুটিকে ভেসে থাকতে দেখেন স্বজনেরা।
পরে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদুজ্জামান জানান, “শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছিল।”
এদিকে শিশু রাতুলের এই অকাল ও মর্মান্তিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। এমন হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
The post মাদারগঞ্জে পুকুরের পানিতে ডুবে ১৬ মাস বয়সী শিশুর অকাল মৃত্যু appeared first on Dhaka Protidin.
