রান জোয়ারের ম্যাচটিতে শেষ পর্যন্ত জয়ের উচ্ছ্বাসে ভাসতে পারেননি ভারতীয় দল। তবে ব্যাটিংয়ের দারুণ দুটি মাইলফলক অর্জন করেছে টি-টোয়েন্টির সবশেষ দুই আসরের বিশ্ব চ্যাম্পিয়নরা। একটি কীর্তিতে তারা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসেই প্রথম, আরেকটিতে দ্বিতীয়।
টি-টোয়েন্টি ইতিহাসের প্রথম দল হিসেবে চার হাজার চার বা বাউন্ডারি মেরেছে ভারত। একই দিনে দলটি পূরণ করেছে দুই হাজার ছক্কা। এই মাইলফলকে তারা টি-টোয়েন্টিতে দ্বিতীয়।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচটিতে ২৪৮ রান তাড়ায় ২২৩ পর্যন্ত যেতে পারে ভারত। হায়দরাবাদে বুধবার দলকে দুর্দান্ত শুরু এনে দেন সাঞ্জু স্যামসন। ২০ বলে ফিফটির পথে তৃতীয় ওভারে রস্টন চেইসের বলে নান্দনিক শটে যে ছক্কাটি মারেন এই ওপেনার, টি-টোয়েন্টিতে সেটিই ভারতের ২০০০তম ছক্কা।
ম্যাচ শেষে ভারতের ছক্কা ২ হাজার ১০টি। এই রেকর্ডে সবার ওপরে থাকা দলটির নামও অনুমেয়ই। সবচেয়ে ছক্কাপ্রিয় দল হিসেবে পরিচিতি তো ওয়েস্ট ইন্ডিজেরই। এই সংস্করণে এখনও পর্যন্ত ২ হাজার ২৬টি ছক্কা মেরেছেন ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা।
ভারত এখনও পর্যন্ত খেলেছে ২৯৭ ম্যাচ। তাদের চেয়ে ৪২ ম্যাচ কম খেলেই ১৬টি ছক্কা বেশি মেরেছে ওয়েস্ট ইন্ডিজ।
ছক্কার রেকর্ডে এই দুই দলের ধারেকাছে নেই কোনো দল। ২৬৭ ম্যাচে ১ হাজার ৫৮৫ ছক্কা মেরে তিনে নিউ জিল্যান্ড, ৩০৪ ম্যাচে ১ হাজার ৫০৭টি ছক্কায় চারে পাকিস্তান।
এরপর খুব কাছাকাছিই আছে দক্ষিণ আফ্রিকা (২৩৫ ম্যাচে ১৪০৭ ছক্কা), ইংল্যান্ড (২৩৩ ম্যাচে ১৪০৬ ছক্কা) ও অস্ট্রেলিয়া (২২৯ ম্যাচে ১৪০০)।
২৪৩ ম্যাচে ১ হাজার ৫১ ছক্কা মেরেছে লঙ্কানরা, ১৬৮ ম্যাচে ১ হাজার ১৪টি আফগানরা। বাংলাদেশ আপাতত হাজার ছক্কার সুবাস পাচ্ছে। ২২২ ম্যাচে হাওয়ায় ভাসিয়ে বল সীমানা ছাড়া করেছে তারা ৯৮৬ বার।
২০৩ ম্যাচে জিম্বাবুয়ের ছক্কা ৯৩১টি। সহযোগী সদস্যগুলির মধ্যে ১৫২ ম্যাচে ৮৪৩ ছক্কায় সবার ওপরে সংযুক্ত আরব আমিরাত।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বুধবারের রান তাড়ায় পাওয়ার প্লের শেষ ওভারে শামার স্প্রিঙ্গারকে চার মারেন শ্রেয়াস আইয়ার। ভারতীয় অধিনায়কের ওই বাউন্ডারিতেই লেখা হয়ে যায় ইতিহাস। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই প্রথম চার হাজার চারের সীমানা স্পর্শ করতে পারে কোনো দল।
২৯৭ ম্যাচে ভারতের চার এখন ৪ হাজার ৭টি। এখানে তাদের পেছনে আছে চিরপ্রতিদ্বন্দ্বির। ৩০৪ ম্যাচে পাকিস্তানের চার ৩ হাজার ৭০৪টি।
৩ হাজার বাউন্ডারি মারতে পেরেছে আর কেবল নিউ জিল্যান্ড (৩১১৭) ও ইংল্যান্ড (৩১০৭)।
৩ হাজারের খুব কাছাকাছি আছে এখন শ্রীলঙ্কা (২৯৯৬)। খুব দূরে নেই দক্ষিণ আফ্রিকাও (২৯৩৩)। অস্ট্রেলিয়ানরা মাটি কাড়মে বল সীমানা ছাড়া করেছেন ২ হাজার ৮৫৭ বার, ওয়েস্ট ইন্ডিজ ২ হাজার ৮০৮ বার ও বাংলাদেশ ২ হাজার ৫২১ বার।
সহযোগী দেশগুলোর মধ্যে ছক্কার মতো চারেও সবার ওপরে সংযুক্ত আরব আমিরাত (১৭০৮)।
