অনলাইন ডেস্ক
রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ ছাত্রদল ও স্থানীয় যুবদলের নেতাকর্মীদের মধ্যে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিন উদ্দিন আতিক জানান, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। উভয় পক্ষের পাঁচ থেকে ছয়জন করে আহত হয়েছেন। তবে ঠিক কী কারণে সংঘর্ষের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, নিউমার্কেটের বলাকা সিনেমা হলের সামনের ফুটপাতে দোকান বসানো নিয়ে প্রথমে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী মারধরের শিকার হন। পরে তাঁরা কলেজে ফিরে যান।
কিছুক্ষণ পর ছাত্রদলের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে এসে যুবদলের নেতাকর্মীদের ওপর হামলা চালালে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় উভয় পক্ষের হাতে লাঠিসোঁটার পাশাপাশি ধারালো অস্ত্রও দেখা যায় বলে স্থানীয়রা জানান। সংঘর্ষে আরও কয়েকজন আহত হন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, ফুটপাতে দোকান বসানোর সুযোগ দেওয়ার বিনিময়ে নেতাকর্মীদের একটি অংশ নির্দিষ্ট অঙ্কের চাঁদা আদায় করে। এ নিয়ে ফুটপাতের নিয়ন্ত্রণ ও চাঁদা আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল বলে তাঁরা দাবি করেন।
