শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ৫ নম্বর নাসিরনগর সদর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আজদু মিয়া। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
রোববার (১৮ অক্টোবর) দিন ও রাতব্যাপী তিনি ইউনিয়নের দত্তপাড়া, কাশীপাড়া, মহাখালপাড়া, দাসপাড়া, নমশূদ্রপাড়া, নাসিরপুর, মনোহরপুর ও কুলিকুণ্ডাসহ বিভিন্ন এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে স্থানীয় কর্মী-সমর্থক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবসমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।
আজদু মিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এবং টানা পাঁচবারের নির্বাচিত ইউপি সদস্য বলে জানা গেছে। পূজামণ্ডপগুলোতে পৌঁছালে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে তিনি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, পুরোহিত ও ভক্তদের সঙ্গে মতবিনিময় করেন। একই সঙ্গে মণ্ডপের নিরাপত্তাব্যবস্থা, আলোকসজ্জা ও পূজার প্রস্তুতি সম্পর্কে খোঁজ নেন।
পরিদর্শনকালে আজদু মিয়া বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান—সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। শারদীয় দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার উৎসব।”
তিনি আরও বলেন, “আমি আপনাদের ভোটে পাঁচবার মেম্বার নির্বাচিত হয়ে জনগণের সেবা করার সুযোগ পেয়েছি। ভবিষ্যতেও ৫ নম্বর নাসিরনগর সদর ইউনিয়নকে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও উন্নয়নমুখী মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। এমন একটি ইউনিয়ন গড়ার প্রত্যাশা করি, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ নিরাপদে বসবাস করতে পারবেন।”
দুর্গাপূজার সার্বিক আয়োজন নিয়ে তিনি বলেন, নাসিরনগর সদর ইউনিয়নসহ সারা দেশে যেন শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপিত হয়, সেটিই তাঁর প্রত্যাশা। তাঁর ভাষ্য অনুযায়ী, বিএনপি মানুষের অধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতি বিশ্বাসী। পরিদর্শন শেষে আজদু মিয়া সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান। পাশাপাশি পূজা চলাকালে যেকোনো প্রয়োজনে তাঁদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
The post নাসিরনগর সদরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আজদু মিয়া appeared first on ভোরের চেতনা.
