জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন চিত্রনায়ক ওমর সানী। এ ঘটনাকে ‘অশনি সংকেত’ হিসেবে উল্লেখ করে আসিফের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন তিনি। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে এ ঘটনা ঘটে। তবে ঘটনার সময় গাড়িতে ছিলেন না আসিফ আকবর। কে বা কারা, কী কারণে গুলি চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আসিফ আকবরের ছবি ও গুলিবিদ্ধ গাড়ির ছবি যুক্ত করে একটি পোস্ট দেন ওমর সানী। সেখানে তিনি লেখেন, ‘গায়ক আসিফ আকবরের গাড়িতে গুলি করা একটা অশনি সংকেত। এটা হওয়া উচিত না, আসিফ তোমার দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ ভালো রাখুন তোমাকে।’
জানা গেছে, শনিবার ভোরে রাজধানীর মগবাজার এলাকার বিশাল সেন্টারের সামনে আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও ঘটনার সময় ভেতরে না থাকায় অক্ষত রয়েছেন এই সংগীতশিল্পী।
এ বিষয়ে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, ঘটনার সময় গাড়িতে আসিফ আকবর ছিলেন না। কারা এ ঘটনা ঘটিয়েছে এবং এর পেছনে কী কারণ রয়েছে, তা এখনো জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করা এবং গুলির নেপথ্যের কারণ অনুসন্ধানে কাজ চলছে। আসিফ আকবরের সঙ্গে কোনো ব্যক্তিগত বা পেশাগত বিরোধের যোগসূত্র রয়েছে কি না, তা-ও এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় সংগীত ও বিনোদন অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে। পাশাপাশি প্রিয় শিল্পীর গাড়িতে গুলির ঘটনায় তাঁর ভক্তদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।
