নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সকল ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তুরাগ থানা বিএনপির আহ্বায়ক সদস্য এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. আব্দুল আলী। দুর্গোৎসবকে কেন্দ্র করে ৫৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং উৎসব নির্বিঘ্ন করতে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছেন তিনি। পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। মো. আব্দুল আলী বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। শারদীয় দুর্গোৎসব হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব যেন সবাই আনন্দ, উৎসাহ ও নিরাপত্তার মধ্য দিয়ে উদ্যাপন করতে পারেন, সেটিই আমাদের প্রত্যাশা। ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা আমাদের সবার সামাজিক দায়িত্ব।” তিনি আরও বলেন, ৫৩ নম্বর ওয়ার্ডে যেন দুর্গোৎসবকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে সবাইকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালন করতে হবে। পূজামণ্ডপের সার্বিক পরিবেশ সুন্দর রাখতে স্থানীয় বাসিন্দা, পূজা উদ্যাপন কমিটি এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি। পরিশেষে মো. আব্দুল আলী শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক—এমন প্রত্যাশা ব্যক্ত করে ৫৩ নম্বর ওয়ার্ডসহ দেশজুড়ে শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য ও নিরাপত্তা বজায় থাকার কামনা করেন।
The post শারদীয় দুর্গোৎসব ঘিরে ৫৩ নম্বর ওয়ার্ডে কঠোর নিরাপত্তার উদ্যোগ আব্দুল আলীর appeared first on Matrijagat.
