ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে সবুজায়ন ও সৌন্দর্যবর্ধন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর উপকণ্ঠে আমিনবাজার এলাকায় নিজ হাতে গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, সরকারের অবস্থান থেকে সরকার এই জায়গাটিকে সুন্দর করে গড়ে তুলছে। এখন এই জায়গাটির সুন্দর অবস্থা ধরে রাখার দায়িত্ব এলাকার মানুষকে গ্রহণ করতে হবে।
তিনি বলেন, আপনারা যদি সরকারকে সহযোগিতা করেন, তাহলে অবশ্যই আমরা ধীরে ধীরে পরিবেশের জন্য ক্ষতিকর যে বিষয়গুলো আছে, সমস্যা রয়েছে সেগুলোকে আমরা সমাধান করতে পারব। এলাকাগুলো সুন্দরভাবে আমরা গড়ে তুলতে পারব, সবুজ করে গড়ে তুলতে পারব, যেখানে মানুষ বুক ভরে শ্বাস নিতে পারবে।
ভবিষ্যতে ঢাকা জেলা প্রশাসনের আওতাধীন অন্যান্য মিল-ফ্যাক্টরি ও ময়লার স্তূপ থাকা এলাকাগুলোর বিষয়েও পরিকল্পনা গ্রহণের কথা জানান তিনি। অন্যান্য জেলার প্রশাসকেরাও এ ধরনের উদ্যোগ দেখে উৎসাহিত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত, সাভার উপজেলায় ঢাকা আরিচা মহাসড়কের পাশে ময়লা অপসারণ, মাটি ভরাট, পালিসেডিং, সারফেস ড্রেন নির্মাণ ও নেটিংসহ সবুজায়ন প্রকল্পের আওতায় স্থানটিকে বিভিন্ন ধরনের ৬ হাজার ১৩০টি গাছ রোপণ করা হবে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সাভার উপজেলা পরিষদ প্রকল্পটি বাস্তবায়ন করছে।
প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ৩ কোটি ৯৭ লাখ ৬৫ হাজার ৫৮৫ টাকা। ১০ হাজার টন ময়লা অপসারণ করে স্থানটিতে ৮ হাজার ৮০০ বর্গ মিটার এলাকায় মাটি এবং একই পরিমাণ জায়গায় বালু ভরাট করা হয়েছে। স্থাপন করা হয়েছে পৃথকভাবে এক কিলোওয়াটের দুটি সোলার সিস্টেম, পরীক্ষামূলকভাবে স্থাপন করা হয়েছে এক কিলোওয়াটের একটি উইন্ড টারবাইন, ১২০টি ইলেকট্রিক লাইট, পানি নিষ্কাশনের জন্য ২০টি সারফেস ড্রেন, রোড সেফটির জন্য এমএস পাইপ রোড রিফ্লেক্টর স্টিকার স্থাপন, পালিসেডিং বাঁশ নির্মাণ ও স্লোগ প্রোটেকশনের জন্য বিভিন্ন প্রজাতির ঘাস রোপণ ও সার্ভিস শেড নির্মাণ ও প্রকল্প এলাকার নিরাপত্তার জন্য ৩ জন নাইটগার্ড ও ১ জন মালি নিয়োগ দেয়া হয়েছে। এমএস পাইপ ফেসিং ও নেটিং দ্বারা নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয়েছে।
