জাপানে বিদেশি বাসিন্দার সংখ্যা বেড়ে নতুন রেকর্ড তৈরি হয়েছে। ২০২৬ সালের জুনের শেষ নাগাদ দেশটিতে বসবাসকারী বিদেশির সংখ্যা দাঁড়িয়েছে ৪২ লাখ ৮১ হাজার ২৬ জনে। গত বছরের ডিসেম্বরের তুলনায় এ সংখ্যা বেড়েছে ১ লাখ ৫৫ হাজার ৬৩১ জন, যা প্রায় ৩ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি। বর্তমানে জাপানের মোট জনসংখ্যার ৩ দশমিক ৪৮ শতাংশ বিদেশি নাগরিক।
শুক্রবার (১৬ অক্টোবর) প্রকাশিত দেশটির ইমিগ্রেশন সার্ভিসেস এজেন্সির (আইএসএ) পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।
পরিসংখ্যান অনুযায়ী, বসবাসের অনুমতির ধরন বিবেচনায় জাপানে সবচেয়ে বেশি রয়েছেন স্থায়ীভাবে বসবাসের অনুমতিপ্রাপ্ত বিদেশিরা। এ শ্রেণিতে রয়েছেন ৯ লাখ ৬১ হাজার ৩০০ জন। এরপর প্রকৌশলী, মানবিক বিষয়ে বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক সেবায় কর্মরত বিদেশির সংখ্যা ৫ লাখ ১৬ হাজার ২০০। এ ছাড়া দেশটিতে বসবাস করছেন ৪ লাখ ৭৯ হাজার ৬০০ শিক্ষার্থী।
কোন দেশের কতজন বাসিন্দা?
জাতীয়তা অনুযায়ী, জাপানে সবচেয়ে বেশি বসবাস করছেন চীনের নাগরিকেরা। দেশটিতে তাদের সংখ্যা ৯ লাখ ৪১ হাজার। দ্বিতীয় অবস্থানে রয়েছেন ভিয়েতনামের নাগরিকেরা, যাদের সংখ্যা ৬ লাখ ৯৩ হাজার ৮০০। এ ছাড়া দক্ষিণ কোরিয়ার ৪ লাখ ৮ হাজার ৭০০ এবং ফিলিপাইনের ৩ লাখ ৬২ হাজার ৮০০ নাগরিক জাপানে বসবাস করছেন।
টোকিওতে সবচেয়ে বেশি বিদেশি
অঞ্চলভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, জাপানের রাজধানী টোকিওতে সবচেয়ে বেশি বিদেশি নাগরিক বসবাস করছেন। সেখানে তাদের সংখ্যা ৮ লাখ ২৪ হাজারের বেশি। বিদেশি বাসিন্দার সংখ্যার দিক থেকে এরপর রয়েছে ওসাকা, আইচি, কানাগাওয়া ও সাইতামা প্রদেশ।
জাপান সফরেও পরিবর্তন
এদিকে, ২০২৬ সালের প্রথম ছয় মাসে ১ কোটি ৯৭ লাখ ৭ হাজার বিদেশি নাগরিক জাপান সফর করেছেন। গত বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ২১ হাজার ৫০০ কম।
একই সময়ে অস্থায়ী সফরসহ বিভিন্ন ধরনের অনুমতি নিয়ে জাপানে আসা বিদেশি নাগরিকের সংখ্যাও কমেছে। গত বছরের অক্টোবরে এ ধরনের অনুমতি পাওয়ার শর্ত কঠোর করা হয়েছিল। এর প্রভাবেই সংখ্যা কমে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, গত ১ জুলাই পর্যন্ত জাপানে বসবাসের অনুমতির মেয়াদ শেষ হওয়ার পরও ৬৫ হাজার ২০০ বিদেশি নাগরিক দেশটিতে অবস্থান করছিলেন। গত জানুয়ারির হিসাবের তুলনায় এ সংখ্যা ৩ হাজার ৩০০ কম।
সূত্র: দ্য টাইমস অব জাপান
