ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের বেতুরা গ্রামে জমিজমা, পূর্ব শত্রুতার বিরোধকে কেন্দ্র করে গতকাল রবিবার দুইপক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনায় অর্ধশতাধিক লোক আহত হন।
প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের লোকজন দেশিয় অস্ত্র ও ইটপাটকেলের ব্যবহার করেছে। এ ঘটনায় সালিশকারী সাবেক চেয়ারম্যান আফজাল আবেদিন আবুল, লুকমান হোসেন সহ বেশ কয়েকজন সালিশ ব্যাক্তিত্ব আহত হয়েছেন। সংঘর্ষকারী উভয় পক্ষের নারী সহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।
সংঘর্ষের খবর পেয়ে থানা পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
দেশীয় অস্ত্রের আঘাতে দুই পক্ষের গুরুতর আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় ছাতক উপজেলা হাসপাতাল এবং গুরুতর অবস্থায় বেশ কয়েকজনকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এলাকায় নতুন করে উত্তেজনা এড়াতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে। গ্রামের আশাদ আলী ও আব্দুর রহিম পক্ষদ্বয়ের মধ্যের সংঘর্ষের ঘটনায় থানায় কোন অভিযোগ দেওয়া হয়নি।
