ঝিনাইদহ সদর উপজেলার বকশি-চাদপুর গ্রামে আপন বড় বড়ভাইয়ের কোদালের আঘাতে সোহান মন্ডল (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত সুমন মন্ডল (৩০) পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত সোহান মন্ডল (২৬) ওই গ্রামের ইজাল মন্ডলের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত সুমন মন্ডল নিহতের আপন বড় ভাই।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বিকালে পারিবারিক কলহের জেরে সুমন মন্ডল ও তার ভাই সোহান মন্ডলের স্ত্রীর ঝগড়া হয়। এর জেরে বিকালে ছোট ভাই সোহান মন্ডলের সাথে কথা কাটাকাটি হয় বড় ভাই সুমন মন্ডলের। এক পর্যায়ে সুমন পাশে থাকা কোদাল দিয়ে সোহানের মাথায় আঘাত করে। এসময় সোহানের চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে সুমন পালিয়ে যায়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে সোহানকে উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান বলেন, পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। অভিযুক্ত বড় ভাই সুমন মন্ডলকে আটকে পুলিশের অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
