শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। এ সময় পূজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গাছবাড়ীয়া সার্বজনীন হরিমন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেন ডিআইজি। এ সময় পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দুর্গোৎসবের নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, পূজামণ্ডপে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদ্যাপন নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, পূজামণ্ডপগুলোতে পোশাকধারী পুলিশ ও আনসার সদস্য মোতায়েনের পাশাপাশি সাদাপোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রতিটি জেলায় ২৪ ঘণ্টা বিশেষ মনিটরিং সেল চালু রয়েছে।
ডিআইজি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষের নিজ নিজ ধর্মীয় উৎসব নির্বিঘ্নে উদ্যাপনের অধিকার রয়েছে। দুর্গোৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ সতর্ক রয়েছে।
এ সময় তিনি কিশোর গ্যাং ও মাদক নির্মূলে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান।
সভায় স্বাগত বক্তব্য দেন চন্দনাইশ উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাবেক সভাপতি বাবু অরূপ রতন চক্রবর্তী। গাছবাড়ীয়া সার্বজনীন হরিমন্দির পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ডা. মিলন ধরের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন উপজেলা পূজা উদ্যাপন পরিষদের আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার ভব শংকর ধর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান এবং চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. দিদারুল ইসলাম সিকদার।
এ সময় উপস্থিত ছিলেন চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, বিজয় কৃষ্ণ ধর, ডা. বিধান ধর, তপন চক্রবর্তী, মৃদুল ধর, বিজন চক্রবর্তী, এটিও বিকাশ ধর, সুনিল চন্দ্র ধর, রানা ধর, ত্রিদিব ধর, শংকর ধর, যিশু ধর, প্রিয়ম শুভ ও জয় দেসহ স্থানীয় গণমাধ্যমকর্মী এবং মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।
The post চন্দনাইশে পূজামণ্ডপ পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি appeared first on ভোরের চেতনা.
