
কটিয়াদীতে ৯২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
কিশোরগঞ্জের কটিয়াদীতে ৯২০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৮ হাজার ৭০০ টাকাসহ পাপিয়া আক্তার আলো (২৭) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের বাহের পাথর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত পাপিয়া আক্তার আলো মুমুরদিয়া ইউনিয়নের বাহের পাথর গ্রামের মাদক ব্যবসায়ী লিটন মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদী থানার পুলিশ মধ্যরাতে লিটনের বাড়িতে অভিযান চালায়। এ সময় ঘরের আলমারি থেকে ৯২০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১৮ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। লিটন মিয়া ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, মাদক বিক্রির সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯২০ পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পাপিয়া আক্তার আলো নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
