কালবেলা · সাধারণ
চট্টগ্রাম বিমানবন্দরে ৫৬৬ গ্রাম সোনাসহ যাত্রী আটক
১৮/১০/২০২৬

চট্টগ্রামে বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগে বিশেষ কৌশলে লুকানো চারটি স্বর্ণের দণ্ড ও তার কাছে থাকা ১০০ গ্রাম ওজনের স্বর্ণের চুড়ি উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে উদ্ধার করা স্বর্ণের ওজন ৫৬৬ গ্রাম। এ ঘটনায় ওই যাত্রীকে আটক করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
আটক মোহাম্মদ কামরুল ইসলামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দোনগ্রা এলাকায়।
জানা গেছে, রোববার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা একটি ফ্লাইটের ওই যাত্রীকে কাস্টমস হলে স্ক্যানিংয়ের সময় সন্দেহজনক হিসেবে চিহ্নিত করে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)। পরে ডিজিএফআই, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমস গোয়েন্দাদের যৌথ অভিযানে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আটক কামরুলের ব্যাগেজে থাকা নন-স্টিক প্যান, স্টেইনলেস স্টিলের সবজি ব্লেন্ডার ও বাসন রাখার স্ট্যান্ডের ভেতরে বিশেষ কৌশলে চারটি স্বর্ণের দণ্ড লুকানো ছিল। তল্লাশির সময় সেগুলো উদ্ধার করা হয়। এছাড়া যাত্রীর কাছে থাকা ১০০ গ্রাম ওজনের স্বর্ণের চুড়িও জব্দ করা হয়েছে।
চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল বলেন, উদ্ধার করা স্বর্ণের রাজস্ব ১ কোটি ২০ লাখ ৪০ হাজার টাকা। উদ্ধারের পর এগুলো বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক যাত্রীর বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা দায়ের করে পতেঙ্গা থানা-পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান।
মূল প্রতিবেদনে যান ↗