চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন ওরফে বগার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (১৮ অক্টোবর) চট্টগ্রাম মহানগর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন ইসলামের আদালতে আত্মসমর্পণ করলে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।
চট্টগ্রাম মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মোহাম্মদ রায়হানুল ওয়াজেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, বগা আদালতে আত্মসমর্পণ করেছেন। শুনানি শেষে আদালত তাকে সিডব্লিউ মূলে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
পুলিশের তথ্য অনুযায়ী, চাঁদাবাজি, মাদক, জমি দখল ও বিস্ফোরকসহ বিভিন্ন অভিযোগে বগার বিরুদ্ধে অন্তত ১৭টি মামলা রয়েছে। গত ৮ জুন শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও এলাকায় আধিপত্য বিস্তারের অভিযোগে তাকে স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার করা হয়।
