Published on
:
2 min read
ফের একবার শিরোনামে উঠে এলেন ভারতের তারকা ক্রিকেটার পৃথ্বী শ। তবে মাঠের পারফরম্যান্সের জন্য নয়, ব্যক্তিগত জীবনে ওঠাপড়ার কারণে। সেপ্টেম্বর মাসের ১৭ তারিখ বাগদান ভেঙেছিলেন পৃথ্বী শ এবং অভিনেত্রী-ইনফ্লুয়েন্সার আকৃতি আগরওয়াল। কিন্তু এক মাসের মধ্যেই সম্পর্কে নতুন ইনিংস শুরু করলেন তাঁরা। ফের একসঙ্গে থাকার সিদ্ধান্তের কথা জানালেন আকৃতি ও পৃথ্বী। ইনস্টাগ্রামে একটি বিবৃতিতে নিজেদের সম্পর্কের বিষয়ে স্পষ্ট বার্তা দেন তাঁরা। বিচ্ছেদের পরেও কেন এই ‘কামব্যাক’?
‘ভুল পথে চালিত হয়েছিলাম’, স্বীকার আকৃতির
সোমবার ইন্সটাগ্রামে এক পোস্টে এই নিয়ে লেখেন আকৃতি। স্বীকার করে নেন, ভুল পথে চালিত হয়েছিলেন। জানালেন, পৃথ্বীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে কাছের কিছু মানুষের মতামত এই ভাবনাকে প্রভাবিত করেছিল। সেই কারণেই বাগদান ভাঙার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। আকৃতি লেখেন, ‘যখন বাগদান ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, তখন আমার কাছের কিছু মানুষের মতামতকে গুরুত্ব দিয়েছিলাম। ওঁদের মনে হয়েছিল, ওঁরা আমাদের সম্পর্ককে আমাদের চেয়েও ভালো বোঝেন। আমি ভুল পথে চালিত হয়েছিলাম। নিজেরা সবটা নিয়ে আলোচনা না করেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম।’
নিজের ভুল স্বীকার করে আকৃতি জানান, পৃথ্বীর মনে যে আঘাত লেগেছে, তার দায়িত্বও তিনি নিচ্ছেন। তবে দু’জনের মধ্যে পরে স্পষ্ট আলোচনা হয়েছে। একে অন্যকে বোঝার পরে ফের একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। আকৃতির কথায়, ‘আমরা একে অন্যের জন্য যথেষ্ট। আমাদের আর কারও প্রয়োজন নেই।’ নতুন করে সম্পর্ক শুরুর এই সিদ্ধান্তকে সম্মান জানানোর জন্য সকলের কাছে আবেদন করেছেন তিনি।
মার্চে বাগদান, সেপ্টেম্বরে বিচ্ছেদের ঘোষণা
২০২৬ সালের মার্চ মাসে পৃথ্বী ও আকৃতি তাঁদের বাগদানের কথা প্রকাশ্যে আনেন। সোশ্যাল মিডিয়ায় বাগদানের মুহূর্তের ছবিও ভাগ করে নিয়েছিলেন তাঁরা। কিন্তু সেপ্টেম্বর মাসে আকৃতি জানান, ভবিষ্যৎ নিয়ে লক্ষ্য আলাদা হওয়ার কারণে তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে নিজেদের সম্পর্ককে আরও একটি সুযোগ দেওয়ার কথা জানালেন আকৃতি।
জাতীয় দলে দীর্ঘদিন ব্রাত্য পৃথ্বী
২৬ বছরের পৃথ্বীকে এক সময়ে ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা প্রতিভাবান প্লেয়ার হিসেবে ধরা হতো। ২০১৮ সালে তাঁর নেতৃত্বেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল ভারত। তবে পরে চোট, উশৃঙ্খল জীবনযাপন এবং ধারাবাহিকতার অভাবের জন্য দল থেকে বাদ পড়েন তিনি।
