দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করছেন বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
তিনি বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মধ্যে সমন্বয়ের ফলে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।
সোমবার রাতে নারায়ণগঞ্জের রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আইজিপি।
তিনি বলেন, দুর্গাপূজা নিয়ে কেউ কেউ অপপ্রচার চালানোর অপচেষ্টা করছে। পুলিশ তাদের বিরুদ্ধে সজাগ ও সতর্ক রয়েছে। অপপ্রচারকারীদের সব অপচেষ্টা নস্যাৎ করে সমাজে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ।
মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’ উল্লেখ করে আইজিপি বলেন, এসব অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ বদ্ধপরিকর। চাঁদাবাজ ও সন্ত্রাসীদের সম্পর্কে পুলিশকে তথ্য দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মো. আলী হোসেন ফকির বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশ পুলিশ ঘুরে দাঁড়িয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে প্রত্যেক নাগরিককে আইনের প্রতি শ্রদ্ধাশীল ও আইন মেনে চলার আহ্বান জানান তিনি।
পরে আইজিপি আমলাপাড়াসহ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, জেলা প্রশাসক মো. রায়হান কবির এবং জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার দেসহ পূজা উদযাপন পরিষদের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।