যশোরে নিজ বাড়ির সামনে হামলার শিকার হয়েছেন চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী (৬০)। তাঁর মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে। পুলিশ বলছে, জড়িতদের আটকে অভিযান চলছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে যশোর শহরের বেজপাড়া নলডাঙ্গা রোডের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। রক্তাক্ত জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে মাথায় চারটি সেলাই দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়িতে অবস্থান করছেন।
সমু চৌধুরীর ভাষ্য, মঙ্গলবার দুপুরে বাড়ির সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি মোটরসাইকেল গ্যারেজের মেকানিক জাহাঙ্গীরের সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে গ্যারেজের মালিক হৃদয় ও মেকানিক জাহাঙ্গীর ইট দিয়ে তাঁর মাথায় আঘাত করেন বলে তিনি অভিযোগ করেন। এতে তাঁর মাথা ফেটে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
তবে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন গ্যারেজ মালিক হৃদয়। তিনি দাবি করেন, ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না। তাঁর ভাষ্য, মা-বোন তুলে গালিগালাজ করায় হামলা করা হয়েছে বলে মুঠোফোনে তাঁকে জানিয়েছেন জাহাঙ্গীর।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। তাঁরা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। জড়িতদের আটকে অভিযান চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিআলো/শিলি