এনএসইউআইয়ের সদস্যরা বিজয়া দশমীর প্রচলিত উদ্যাপনকে প্রতিবাদ কর্মসূচিতে রূপ দেন। নির্বাচনে অনিয়ম, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং বেকারত্বসহ বিভিন্ন ইস্যুতে ক্ষোভ প্রকাশ করেন তারা।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারসহ দেশটির একাধিক রাজনৈতিক ও ব্যবসায়িক ব্যক্তিত্বের ছবি যুক্ত করে রাবণের কুশপুত্তলিকা দাহ করেছেন বিক্ষোভকারীরা। ভোট কারচুপি, নির্বাচনে অনিয়ম, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও বেকারত্বের প্রতিবাদে এ কর্মসূচি পালন করেছে কংগ্রেস-সমর্থিত ছাত্র সংগঠন ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়া (এনএসইউআই)।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভারতের রাজধানী নয়াদিল্লির রাইসিনা রোডে সংগঠনটির সদর দপ্তরে বিজয়া দশমী উদ্যাপনের অংশ হিসেবে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ‘আঙুল তো উঠেগি—রাবণ দহন’ ব্যানারে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক ও ব্যবসায়িক ব্যক্তিত্বের মুখাবয়ব সংযুক্ত কুশপুত্তলিকা পোড়ানো হয়। বুধবার সংবাদমাধ্যম দ্য ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এনএসইউআইয়ের সদস্যরা বিজয়া দশমীর প্রচলিত উদ্যাপনকে প্রতিবাদ কর্মসূচিতে রূপ দেন। নির্বাচনে অনিয়ম, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং বেকারত্বসহ বিভিন্ন ইস্যুতে ক্ষোভ প্রকাশ করেন তারা।
এসব অভিযোগের প্রতিবাদ জানাতেই রাবণ দহনের আয়োজন করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
১০ মাথার এই রাবণের প্রতিকৃতিতে নরেন্দ্র মোদি, অমিত শাহ ও জ্ঞানেশ কুমার ছাড়াও শিল্পপতি গৌতম আদানি ও মুকেশ আম্বানি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আরএসএস প্রধান মোহন ভাগবত, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিজেপি নেতা দুষ্যন্ত গৌতম এবং রাজনাথ সিংয়ের মুখ ব্যবহার করা হয়।
মুক্ত ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এনএসইউআই বেশ কয়েক সপ্তাহ ধরে যে আন্দোলন করে আসছে, এটি তারই একটি অংশ।
এনএসইউআইয়ের ন্যাশনাল মিডিয়া ইনচার্জ রবি পাণ্ডে বলেন, ‘বিজয়া দশমী অশুভকে পরাজিত করে শুভর বিজয়ের প্রতীক। আজকের রাবণ দহনের মধ্য দিয়ে এনএসইউআই ‘ভোট চুরি’, প্রশ্নপত্র ফাঁস, বেকারত্ব, সম্পদের অপব্যবহার, সাম্প্রদায়িকতা এবং নারীদের বিরুদ্ধে অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের সুরক্ষা দেয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। সংবিধান, গণতন্ত্র ও ভারতের তরুণদের ভবিষ্যত রক্ষায় আমাদের লড়াই অব্যাহত থাকবে।
সংগঠনের দিল্লি শাখার মিডিয়া ইনচার্জ অখিলেশ যাদব বলেন, বিজয়া দশমী উপলক্ষে এনএসইউআইয়ের কার্যালয়ে রাবণের একটি ব্যতিক্রমী কুশপুত্তলিকা পোড়ানো হয়েছে। এতে মোদি, জ্ঞানেশ কুমার, অমিত শাহ, আদানি, আম্বানি, ট্রাম্প, মোহন ভাগবত, অজিত দোভাল, যোগী আদিত্যনাথ, দুষ্যন্ত গৌতম ও রাজনাথ সিংকে রাবণের ১০টি মুখ হিসেবে তুলে ধরা হয়েছে। বর্তমানে আমরা যেসব অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করছি, সেগুলোর প্রতীক হিসেবেই তাদের দেখানো হয়েছে।
