দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সন্তোষ প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠকে এ সন্তোষ প্রকাশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জয়নুল আবেদীন।
বৈঠকে ২০২৫ ও ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত অপরাধের তুলনামূলক পরিসংখ্যান এবং উভয় বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের অপরাধসংক্রান্ত তথ্য উপস্থাপন করা হয়। ডাকাতি, খুন, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, অপহরণ, চুরি, মাদক, চোরাচালানসহ বিভিন্ন অপরাধের পরিসংখ্যানে আগের তুলনায় উন্নতির চিত্র উঠে আসে।
এ ছাড়া মাদকদ্রব্যের অপব্যবহার, চাঁদাবাজি, ছিনতাই, কিশোর গ্যাং ও সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে গৃহীত কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সাইবার অপরাধ দমনে পৃথক সাইবার পুলিশ ইউনিট গঠনসহ অপরাধ নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুপারিশ করা হয়।
কমিটির সদস্য মো. নূরুল ইসলাম ঢাকায় সাম্প্রতিক অপরাধ নিয়ন্ত্রণে নেওয়া পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক এবং সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।
