নওগাঁর পোরশায় ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোস্তাক আহম্মেদ (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ঘাটনগর ইউনিয়নের নোচনাহার বাজার থেকে বানমোহন বাজারগামী পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, নোচনাহার বাজারের বাসিন্দা দিলীপ মালির (৪৫) চায়ের দোকানের সামনে মাদক বহনের সময় মোস্তাক আহম্মেদকে আটক করা হয়। তিনি পোরশা উপজেলার হাটখোলা এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মো. ইসমাইল এবং মায়ের নাম মৃত আয়েশা বিবি।
গ্রেপ্তারের পর মোস্তাকের দেহ তল্লাশি করে তাঁর পরনে থাকা সাদা চেকের পাঞ্জাবির ডান পকেট থেকে কমলা রঙের রাবার দিয়ে বাঁধা তিন পাতায় মোট ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ট্যাবলেটগুলোর আনুমানিক বাজারমূল্য ৯ হাজার টাকা। উপস্থিত সাক্ষীদের সামনে ট্যাবলেটগুলো জব্দ করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনায় পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
এমএ
